ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এককভাবে সরকার গঠনের প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন মন্ত্রিসভা গঠনের সব ধরনের প্রস্তুতি দ্রুতগতিতে এগোচ্ছে।
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর জাতীয় সংসদ সচিবালয়ে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও শেষ পর্যায়ে। ইতোমধ্যে অনেক নির্বাচিত সদস্য ঢাকায় পৌঁছেছেন, বাকিরাও নির্ধারিত সময়ে উপস্থিত হবেন। সবকিছু ঠিক থাকলে একই দিনের সন্ধ্যার পর বা পরদিন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হতে পারে। মন্ত্রীদের জন্য প্রাধিকারভিত্তিক গাড়িসহ সকল আনুষঙ্গিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
দলীয় সূত্র জানায়, নতুন মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা প্রায় চূড়ান্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শের মাধ্যমে নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য ও সক্ষম মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ত্যাগী ও পরীক্ষিত রাজনীতিকদের পাশাপাশি তরুণ মুখ এবং টেকনোক্র্যাট কোটার সদস্য অন্তর্ভুক্ত হতে পারেন।
এদিকে জোটের শরিক দল থেকেও তিনজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়ে জোর আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি এবং নুরুল হক নুর। এছাড়া নির্বাচনে পরাজিত হলেও টেকনোক্র্যাট কোটায় বিবেচনায় থাকতে পারেন মাহমুদুর রহমান মান্না।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।