নওগাঁর নিয়ামতপুরে পাঁচ যুবক জামায়াতে ইসলামীতে যোগ

নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে পাঁচ হিন্দু যুবক দলটিতে যোগ দিয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী সভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেন।

নওগাঁ–১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম তাদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।

দলে যোগ দেওয়া যুবকেরা হলেন শ্রীমন্তপুর ইউনিয়নের গোল স্কুলপাড়া গ্রামের কালিদাস, শুভ, খলিল, সজিব রায় ও রাজকুমার। রাজকুমার জানান, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর আদর্শ তার ভালো লেগেছে। দলটির বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্য খুঁজে পেয়ে তিনি জামায়াতে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে এই দলের সঙ্গে রাজনীতি করতে চান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, “আগামীর বাংলাদেশে বিভাজনের রাজনীতি থাকবে না। সবাইকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।” তিনি আরও জানান, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে যোগ দিচ্ছেন এবং জনগণ পরিবর্তন দেখতে চায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব বিভাগের যুগ্ম সদস্যসচিব নিশাদ আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এস এম জুবায়ের এবং নিয়ামতপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তাহেরসহ স্থানীয় নেতারা।