চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। নতুন তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪।

গত ২ মার্চ ২০২৫ সালে দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪। নতুন সংযোজন ও হালনাগাদ শেষে এই সংখ্যা বেড়ে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ হয়েছে।

এর আগে ২ নভেম্বরের খসড়া তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪। পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২, নারী ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০।

গত বছরের ৩১ আগস্ট প্রকাশিত সম্পূরক তালিকায় দেশেও মোট ভোটার ছিল ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪। পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৯ হাজার ৪৫৫, নারী ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০।

সেই সময় নতুন যুক্ত হয়েছিল ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন ভোটার, যার মধ্যে পুরুষ ৯৪ হাজার ১৯২, নারী ৪৩ হাজার ৪৪৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।

উল্লেখ্য, ২ মার্চের তালিকার পর ৩০ জুন পর্যন্ত নিবন্ধিত ভোটারদের অন্তর্ভুক্ত করে ১০ আগস্ট প্রকাশিত সম্পূরক খসড়া তালিকায় ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ নতুন ভোটার যুক্ত হয়েছিলেন। এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৭০ হাজার ২০৩, নারী ২৭ লাখ ৭৬২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৫১ জন।