
বরগুনা–২ (১১২) নির্বাচনী আসনে নির্বাচনী উত্তেজনার মধ্যেই সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, গত ৩১ জানুয়ারি সন্ধ্যার পর সাবেক এই এমপির বাসার ছাদ ও উঠানে ককটেল নিক্ষেপ করা হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার ঠিক আগমুহূর্তে বিভিন্ন প্রতীকের প্রার্থীরা সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর বাসায় সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নিতে আসেন। আসর নামাজের পর হাতপাখা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান এবং মাগরিব নামাজের পর দারিপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সুলতান আহম্মেদ, বরগুনার সাবেক জেলা আমির আবু জাফর মো. সালেহ সেখানে উপস্থিত হন।
তারা বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই গোলাম সরোয়ার হিরুর বাসার পাশের হোটেল জয়-এর তিনতলা ভবন থেকে বাসার ছাদ ও উঠান লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ ওঠে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযোগ অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম মনির সমর্থক পৌর যুবদল নেতা জসিম উদ্দিন সিকদার ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে দাবি করা হয়। ঘটনার পরপরই বিএনপির কয়েকজন নেতা-কর্মী সাবেক এমপির বাসায় প্রবেশ করে বিভিন্ন প্রার্থী কেন তার বাসায় আসবে—এ নিয়ে প্রশ্ন তুলে হুমকি ও ধমকি দেয় বলেও অভিযোগ করেন গোলাম সরোয়ার হিরু।
সাবেক বিএনপি ও ইসলামী ঐক্যজোট থেকে দুইবার নির্বাচিত এই সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু অভিযোগ করে বলেন, ধানের শীষ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি দীর্ঘদিন ধরে তাকে অন্যায়ভাবে চাপের মধ্যে রেখেছেন। তিনি বলেন, “আমি একজন জনপ্রিয় মানুষ হওয়ায় কোনো ভালো প্রার্থীর পক্ষে কথা বললেই সেটা মনির জন্য রাজনৈতিকভাবে সমস্যার হয়ে দাঁড়ায়।”
এছাড়াও তিনি অভিযোগ করেন, তার বাসার পাশের হোটেল জয়-এর মালিক আত্মহত্যার মাধ্যমে মারা যাওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্টের পর যুবদল নেতা জসিম উদ্দিন সিকদার ও তার সহযোগীরা হোটেলটি দখলে নিয়ে সেখানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
ঘটনার পর সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু বাসা থেকে বের না হয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করেন। রাত পার হলে তিনি সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে লিখিতভাবে ঘটনা জানান এবং নিজের নিরাপত্তার স্বার্থে সদ্য নির্বাচন উপলক্ষে জমা দেওয়া তার লাইসেন্সপ্রাপ্ত রিভলভার ফেরত দেওয়ার জন্য আবেদন করেন।
সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় প্রশাসন কাউকে গ্রেপ্তার করতে পারেনি।v
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।