সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল চূড়ান্তে ইসির সভা আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে ১১তম কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত হতে পারে।

কমিশন সভায় মোট পাঁচটি আলোচ্যসূচি রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে— সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন ও সংশ্লিষ্ট বিষয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনি সামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় দুটি আসনের নির্বাচন নিয়ে অবহিতকরণ, নির্বাচনপূর্ব গুরুত্বপূর্ণ মামলা ও নির্বাচন-পরবর্তী দরখাস্ত সংক্রান্ত বিষয়, এবং নির্বাচনি দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ নীতিমালা নিয়ে আলোচনা। এছাড়া বিবিধ বিষয়ও আলোচনায় আসবে।

আইনি বাধ্যবাধকতা অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ১৩ ফেব্রুয়ারি ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়।

সে হিসাবে আগামী ১৪ মে’র মধ্যে নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা থাকলেও নির্বাচন কমিশন এপ্রিলের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আগ্রহী।