ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশের ওপর দেওয়া স্থগিতাদেশ আগামী বুধবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এদিন ফুলকোর্ট শুনানি শেষে পরবর্তী আদেশ ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আদালতে শুনানি করেন। পরে তিনি ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান।

এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দেন। একই দিন চেম্বার আদালত হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেন।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেন ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ প্যানেলের বামজোট মনোনীত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ এবং বামপন্থি ছাত্রসংগঠনগুলো পূর্ণ বা আংশিক মিলিয়ে প্রায় ১০টি প্যানেল ঘোষণা করেছে।