ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। এবারের নির্বাচনে নয়টি প্যানেল অংশ নিচ্ছে। পাশাপাশি বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও আছেন।

প্রাথমিক তালিকা অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন মোট ৪৮ জন প্রার্থী। আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মো. আবু সাদিক (সাদিক কায়েম), স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা, জামালুদ্দিন মোহাম্মদ খালিদ এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের বিন ইয়ামিন মোল্লা।

আব্দুল কাদের
গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের এর আগে ছাত্র অধিকার পরিষদ ও গণতান্ত্রিক ছাত্রশক্তির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২২ সালে আবরার ফাহাদের স্মরণসভা আয়োজনে গ্রেপ্তার হয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি। জুলাই অভ্যুত্থানে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন এবং পরে গণতান্ত্রিক ছাত্র সংসদ গড়ে তোলেন। নাগরিক পার্টি ও আন্দোলনের অন্যান্য নেতাদের সমর্থন তাকে এগিয়ে রাখতে পারে।

আবিদুল ইসলাম খান
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত হন। তার বক্তব্য “প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না” সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে তিনি ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ নামে একটি বই লিখেন। মাঠের অভিজ্ঞতা ও দলীয় ভিত্তি তাকে নির্বাচনী লড়াইয়ে শক্তিশালী করতে পারে।

আবু সাদিক (সাদিক কায়েম)
ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম অভ্যুত্থানের সময় নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। হলে হলে সংগঠনের শক্তিশালী অবস্থান ও অনলাইন প্রচারণা তার পক্ষে যেতে পারে।

বিন ইয়ামিন মোল্লা
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা গণরুম-গেস্টরুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, আবরার ফাহাদের স্মরণসভা আয়োজন এবং পরবর্তী কারাভোগের জন্য পরিচিত। জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।

উমামা ফাতেমা
পূর্বে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন উমামা ফাতেমা। অভ্যুত্থানের সময় তিনি সুফিয়া কামাল হলের সমন্বয়ক হিসেবে কাজ করেন এবং পরে নারীদের সংগঠিত করেন। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। নারী শিক্ষার্থীদের মধ্যে তার জনপ্রিয়তা তাকে বাড়তি সুবিধা দিতে পারে।

জামালুদ্দিন মোহাম্মদ খালিদ
একসময় ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ছিলেন জামালুদ্দিন খালিদ। পরবর্তীতে তিনি সংগঠন থেকে বহিষ্কৃত হন। তবে ফিলিস্তিন সংহতি আন্দোলন ও শিক্ষার্থীদের হিজাব ইস্যুতে সক্রিয় থেকে আলোচনায় আসেন। বর্তমানে তিনি স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক।

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে নয়টি প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করবেন। শিক্ষার্থীদের কাছে সমর্থন আদায়ে প্রার্থীরা ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন।