
জেন-জির আন্দোলনের মুখে চলতি মাসের শুরুতে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অবশেষে প্রকাশ্যে এসেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভক্তপুরের গুন্ডুতে দলের যুব শাখার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “আপনারা কি মনে করেন এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ ছেড়ে আমরা পালাবো? না, আমরা পালাচ্ছি না।”
সরকারি বাসভবন ছাড়ার ১৮ দিন পর দেওয়া প্রথম ভাষণে ওলি জানান, তারা নেপালকে আবার সাংবিধানিক ধারায়, শান্তি ও সুশাসনের পথে ফিরিয়ে আনবেন।
চলতি মাসের শুরুর দিকে দুর্নীতি, অনিয়ম ও বেকারত্ববিরোধী জেন-জি বিক্ষোভ তীব্র আকার নেয়। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে বিক্ষোভ দমন করার চেষ্টা করলে তা সহিংস হয়ে ওঠে। গত ৮ সেপ্টেম্বর পুলিশের গুলিতে ১৯ জন নিহত ও কয়েকশ আহত হন। এর পরদিন ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ওলি। সেনাবাহিনীর নিরাপত্তায় নয়দিন গোপনে থাকার পর তিনি ১৮ সেপ্টেম্বর গুন্ডুর একটি ভাড়া বাড়িতে চলে যান।
ওলি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নয়, বরং সহিংসতা ও অগ্নিসংযোগের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “আমি যে সময়ে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলাম, তা প্রকাশ করুন।”
সাবেক প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, তার নিরাপত্তায় গাফিলতি করা হচ্ছে। “সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, আসুন কেপি ওলির নতুন বাসা খুঁজে আক্রমণ করি। অথচ সরকার শুধু দেখছে, কিছু করছে না।”
এর আগে, সংবিধান দিবসে দেওয়া এক বার্তায় ওলি দাবি করেছিলেন, তার সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়নি। বরং বিক্ষোভে ‘অনুপ্রবেশ’ হয়েছিল এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করা হয়েছিল, যা পুলিশের কাছে ছিল না। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।