
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কসমস সেন্টারে নির্বাচন পদ্ধতি নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, জনগণ রাজনৈতিক দলগুলোকে পিআর পদ্ধতি নিয়ে গণভোট আয়োজনের দায়িত্ব দেয়নি। কোনো দাবি না মানলে আলোচনা অর্থহীন বলা গণতান্ত্রিক আচরণ নয়। এ ধরনের মতবিরোধ সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে পারস্পরিক মতের প্রতি সহনশীলতা থাকা জরুরি। অন্যের মত সহ্য করার মানসিকতা না থাকলে আলোচনায় বসেও ফল পাওয়া যায় না।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। যে বিষয়ে একমত হওয়া গেছে, সেগুলো সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে—কোনটা থাকবে, কোনটা নয়, তা ঠিক করবে জনগণই।
আমির খসরু আরও বলেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো একটি কার্যকর সংসদ গঠন। গণতন্ত্রে একক দলের শাসনের কোনো জায়গা নেই। তাই রাজনৈতিক কাঠামো বদলে ভিন্নমতের প্রতি সম্মান দেখানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে। সংঘাতনির্ভর রাজনীতি থেকে বেরিয়ে আসাই সময়ের দাবি।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।