
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন সামনে রেখে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছে। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশতেহার প্রকাশ করা হয়।
প্যানেলের কেন্দ্রীয় ফোকাস পয়েন্টগুলোর মধ্যে রয়েছে–আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ও সবুজ ক্যাম্পাস, সেশনজট নিরসন, অটোমেশন, নারীবান্ধব পরিবেশ, ওয়েলফেয়ার কার্যক্রম এবং শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন।
ইশতেহার ঘোষণায় উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে রয়েছে–আবাসন সংকট নিরসন, শাটল সার্ভিস সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন, নিরাপদ বাস সেবা চালু করা, সেশনজট দূরীকরণ, সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা, মাতৃত্বকালীন ছুটি ও নারীবান্ধব কমনরুম ব্যবস্থা, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ, গবেষণা বরাদ্দ বৃদ্ধি, শিক্ষার্থীবান্ধব লাইব্রেরি, উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সুবিধা ও শিক্ষাবৃত্তি এবং অন-ক্যাম্পাস চাকরির সুযোগ সৃষ্টি।
প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. ইব্রাহীম হোসেন রনি বলেন, “আমাদের ইশতেহার তৈরি করা হয়েছে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে। শিবিরের বাইরে থেকেও সদস্য নেওয়া হয়েছে, যাতে বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরাও সুযোগ পেলে ভালো কাজ করতে পারেন।” তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বড় হলেও উন্নয়নের ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছে, নির্বাচিত হলে এ দিকে বিশেষ নজর দেওয়া হবে।
রনি বলেন, ‘ছাত্রশিবির কখনো আধিপত্য বিস্তার করে না। বরং চাকসু নির্বাচনের জন্য যারা আন্দোলন করেছে, আমরা তাদের সঙ্গেই ছিলাম।’
সংবাদ সম্মেলনে জিএস পদপ্রার্থী সাঈদ বিন হাবিব, এজিএস পদপ্রার্থী সাজ্জাদ হোছন মুন্না, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক হারেজুল ইসলাম, সহ-সাহিত্য-সংস্কৃতি সম্পাদক জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমানসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তমবারের চাকসু নির্বাচন। ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এই নির্বাচনে মোট ৯০৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন, হল সংসদের জন্য ৪৭৩ জন এবং হোস্টেল সংসদের জন্য ২০ জন। মোট ভোটার রয়েছেন ২৭,৫২১ জন, যার মধ্যে ১৬,০৮৪ জন ছাত্র ও ১১,৩২৯ জন ছাত্রী।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।