
রাজধানীর ফার্মগেট ও পূর্ব রাজাবাজার এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আরিফুর রহমান হৃদয় (২৩) নামের এক যুবককে আটক করেছে।
রবিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, আটক হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক বলেন, রাত ১০টা ৭ মিনিটে কারওয়ান বাজারের দিকে আসা তিন আরোহী একটি মোটরসাইকেলে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করলে তারা পূর্ব রাজাবাজারের মসজিদ গলিতে গিয়ে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। মোটরসাইকেলসহ দুজন পালিয়ে গেলে একজনকে হাতেনাতে আটক করা হয়।
ওসি আরও জানান, আটক আরিফুর রহমান হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগ সভাপতি অনিকের অনুসারী। ঘটনার তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেটে হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর তিনজন মোটরসাইকেল আরোহী দ্রুত পালানোর চেষ্টা করেন। স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে পূর্ব রাজাবাজারে এসে তারা আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় একজন আহত হন।
পরে শেরেবাংলা নগর থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) দ্রুত ঘটনাস্থল থেকে আরিফ নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি ইমাউল হক বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে বিস্ফোরণের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ ও বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।