বাকবিতণ্ডার ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় রাতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কবি জসীমউদ্দীন হলের মাঠে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় উদযাপন উপলক্ষে সন্ধ্যায় কবি জসীমউদ্দীন হলের মাঠে ‘ডিজে নাইট’-এর আয়োজন করেন পাশের কয়েকটি হলের ছাত্রদল নেতাকর্মীরা। এ আয়োজনের নেতৃত্বে ছিলেন শহিদ ওসমান হাদি হল (প্রস্তাবিত) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দিন, একই হলের বহিষ্কৃত নেতা শরিফ উদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবরার হারুন এবং আহ্বায়ক সদস্য আদনান শাহরিয়া প্রমুখ।

শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যা ৬টা থেকে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানো শুরু হয়। অভিযোগের পর কয়েকবার গান বন্ধ করা হলেও রাত ১০টার দিকে আবারও সর্বোচ্চ ভলিউমে গান চালানো হয়। এতে পাশের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, বিজয় একাত্তর হল ও শহিদ ওসমান হাদি হলের শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে গান বন্ধ করলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে তাদের উত্তপ্ত বাকবিনিময় হয়। কিছু সময় পর পরিস্থিতি শান্ত হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, উচ্চ শব্দে গান বাজানোর কারণে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। ঢাবির শিক্ষার্থী সিফাত আহমেদ বলেন, পরদিন তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকলেও সন্ধ্যা থেকে বিকট শব্দে গান বাজানোর কারণে পড়তে পারেননি, এমনকি ঘুমাতেও সমস্যা হয়েছে।

আয়োজকদের একজন, ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সামিউল আলম দাবি করেন, তারা প্রক্টরের কাছ থেকে রাত ১০টা পর্যন্ত গান বাজানোর অনুমতি নিয়েছিলেন। তবে কবি জসীমউদ্দীন হল কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে এ ধরনের কোনো অনুমতির তথ্য নেই। হল প্রশাসনের এক কর্মকর্তা বলেন, অনুমতি ছাড়া সেখানে গান বাজানোর নিয়ম নেই এবং আশেপাশে একাধিক আবাসিক হল থাকায় সাধারণত উচ্চস্বরে গান বাজানোর অনুমতি দেওয়া হয় না।