
জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পর্যাপ্ত বডি-অন-ক্যামেরা দ্রুত কেনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে হবে। ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে যাতে তারা নির্বাচনের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশের অনুভূতি পান।
তিনি নির্দেশ দেন, ডিসেম্বরের মধ্যে বডি-অন-ক্যামেরা ক্রয় ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে হবে, যাতে নির্বাচনকালীন সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কার্যকরভাবে প্রতিরোধ করা যায়। প্রফেসর ইউনূস আরও বলেন, নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগ সক্ষমতা বৃদ্ধি এবং এমন কাঠামো গড়ে তোলা জরুরি, যেখানে পরিস্থিতি অবনতি হওয়ার সুযোগ কেউ পাবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নতুন ক্যামেরাগুলো পৌঁছালে প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হবে। তিনি আরও বলেন, বডি-অন-ক্যামেরার মাধ্যমে নির্বাচনের সময় ভোটকেন্দ্রের পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে মনিটর করা সম্ভব হবে এবং প্রতিটি থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকেও তা পর্যবেক্ষণ করা যাবে।
বর্তমানে দেশের বিদ্যমান বডি-অন-ক্যামেরা ব্যবহার করে পুলিশ সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।