ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী হলে ক্যাম্পাস থেকে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি সম্পূর্ণভাবে উচ্ছেদ করার অঙ্গীকার করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আবিদুল ইসলাম বলেন, “ছাত্রদল তাদের প্রার্থী নির্বাচন করেছে অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে, যা ঢাবির ছাত্র সংসদ নির্বাচনের ইতিহাসে একটি বিরল ঘটনা। আশা করি শিক্ষার্থীরা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইতিবাচকভাবে গ্রহণ করবে এবং আমাদের উৎসাহ যোগাবে।”

তিনি আরও জানান, নির্বাচিত হলে ছাত্রদলের প্যানেল ক্যাম্পাস থেকে গণরুম-গেস্টরুম সংস্কৃতি, ক্যান্টিনে ফাও খাওয়ার মতো রাজনৈতিক অপসংস্কৃতির অবসান ঘটাবে। বরং শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা কার্যক্রম ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলার বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। তার মতে, অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় মেস বা প্রাইভেট হোস্টেলে থাকতে গিয়ে অতিরিক্ত খরচ বহন করতে হয়। আর্থিক সংকটে অনেক শিক্ষার্থীকে একাধিক টিউশনি করতে হয়, ফলে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না এবং তাদের ফলাফল ক্ষতিগ্রস্ত হয়। তাই আবাসন সংকট দূর করার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বস্তি ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

আবিদুল ইসলাম আরও বলেন, “আমাদের পূর্ণাঙ্গ ইশতেহারে ছাত্রদলের চিন্তা ও দর্শনের প্রতিফলন দেখা যাবে।”

সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামিম, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।