ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, “বিএনপির শাসনামলে দেশ তিনবার এবং আওয়ামী লীগের আমলেও একাধিকবার দুর্নীতিতে প্রথম স্থান অর্জন করেছে। দুর্নীতি ও অবিচারের সংস্কৃতি এখন জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।”

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “এই দেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের আদর্শে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও কোনো সরকারই সেই লক্ষ্য পূরণ করতে পারেনি। বরং দেশ বহুবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের তালিকায় শীর্ষে অবস্থান করেছে।”

তিনি আরও বলেন, “জাতীয় সনদের ভিত্তিতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতিতে পরবর্তী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি সবার জন্য সমান রাজনৈতিক সুযোগ নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”

গণসমাবেশে ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এ সময় ইসলামী আন্দোলনের কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের এমপি প্রার্থী ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।