
ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমা (২৭)–কে কোতোয়ালি মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরের মালগুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি ছাত্র–জনতার আন্দোলনের সময় ময়মনসিংহে সংঘটিত স্বশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলায় রুমার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অভিযানের সময় রুমাকে ঘর থেকে আটক করে থানায় আনা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় মালগুদাম এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়েছিল, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রুমা ময়মনসিংহের মালগুদাম এলাকার অবসরপ্রাপ্ত রেলকর্মচারী আবু তাহেলের কন্যা এবং তাঁর স্বামী সুলতান মাহমুদ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। স্থানীয়রা তাঁকে ছাত্র রাজনীতির সক্রিয় কর্মী হিসেবে চেনেন।
পুলিশ জানিয়েছে, রুমার বিরুদ্ধে আরও কিছু অভিযোগের অনুসন্ধান চলছে। আন্দোলনের সময় সংগঠনের গোপন বৈঠক আয়োজন ও উসকানিমূলক প্রচারে তাঁর সম্পৃক্ততা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, “গ্রেপ্তার রুমা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং আন্দোলনের সময় সংগঠনের পক্ষ থেকে সংঘটিত কয়েকটি সহিংস ঘটনার নির্দেশনা দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।