বিএনপি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “বিএনপি ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে বদ্ধপরিকর। ঐক্যের স্বার্থে কেউ যেন বিভেদের পথে না যায়, সেই বার্তাই আমরা দিতে চাই।”

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদবিরোধী এই ঐক্যকে আরও সুসংগঠিত করতে হবে—তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “আগামী নির্বাচনে দলীয় বিবেচনার পরিবর্তে যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে তারুণ্যনির্ভর নেতৃত্বে আমরা গড়ে তুলব নতুন বাংলাদেশ—যেখানে থাকবে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার।”

অনুষ্ঠানের শেষভাগে সালাহউদ্দিন আহমেদ বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।