
রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম খান।
অব্যাহতি পাওয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হক এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মামলার নথি অনুসারে, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির ঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা এলাকায় বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা সমবেত হন। এসময় যানবাহন ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে ৩১ অক্টোবর রমনা থানার উপপরিদর্শক আউয়াল মির্জা ফখরুলসহ ৫৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে গত বছরের ২১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মামুন হাসান আদালতে দুটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়। একই বছরের ১৮ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রতিবেদন গ্রহণ করে তাদের অব্যাহতি দেন এবং বিস্ফোরক আইনের প্রতিবেদনটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।