শেরপুরের সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে একটি ভোটকেন্দ্র থেকে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বই পরে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। সকাল ১০টার কিছু আগে পোলিং এজেন্টের বাইরের কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে ঢুকে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। এর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই পরে উদ্ধার করা হয়েছে। ওই বইটিতে ধানের শীষ প্রতীকে কিছু ভোট দেওয়া ছিল। তবে একটি গণভোটের এবং একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই প্রশাসনকে জানানো হলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এর আগে, প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত থাকলেও শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৭টার আগেই অনেক ভোটার কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে বলে জানান স্থানীয়রা।
শেরপুর-1 (সদর) আসনে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ১৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, যার মধ্যে ২৪টি অধিক গুরুত্বপূর্ণ, ৪০টি গুরুত্বপূর্ণ এবং ৮১টি সাধারণ কেন্দ্র।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।