
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণতান্ত্রিক ছাত্রসংসদে (বাগছাস) মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. হাসিবুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি গত ১৯ আগস্ট সংগঠনের আহ্বায়কের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হাসিবুল ইসলাম লেখেন, দায়িত্ব পালনকালে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে সাংগঠনিক কার্যক্রম এবং শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো বাস্তবায়নের চেষ্টা করেছেন। তার ভাষায়, কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সবাই যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।

তিনি আরও লেখেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ তার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির জায়গা। ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থীদের আস্থা ও ভরসার প্রতীক হয়ে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে সত্য ও ন্যায়ের আন্দোলনে পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন। জুলাই আন্দোলনে জনতার প্রতি যে কমিটমেন্ট তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
এর আগে ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন হাসিবুল ইসলাম। যদিও তাকে বাগছাসের ঘোষিত "বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ" প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনীত করা হয়েছিল, শেষ মুহূর্তে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে এজিএস পদে লড়ার সিদ্ধান্ত নেন।
হাসিবুল ইসলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সরকার পতনের পর গঠিত নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখায় তিনি মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছিলেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।