বুধবার সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের সামনে নেতাকর্মীরা জড় হয়

নোয়াখালীতে দীর্ঘ দিন বন্ধ থাকার পর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে তৃণমূলের নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করেছেন। বুধবার সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এ ঘটনায় নেতৃত্ব দেন।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল নেতাকর্মী দলীয় স্লোগান দিয়ে কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে প্রবেশ করেন এবং কার্যালয়টি দখল করেন। এ সময় জেলা পর্যায়ের কোনো শীর্ষ নেতা উপস্থিত ছিলেন না, তবে কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কার্যালয় দখলের পর নেতাকর্মীরা নবনির্বাচিত বিএনপি মনোনীত নোয়াখালী-৪ আসনের প্রার্থী মোহাম্মদ শাহজাহানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। একই সঙ্গে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে আক্রমণাত্মক স্লোগান দেন। বিক্ষোভকারীরা "জামাত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়" এবং "মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এক হও" বলে স্লোগান দেন।

যদিও এ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, তবুও তৃণমূলের নেতাকর্মীরা বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানানো এবং জামায়াত-বিরোধী অবস্থান নেওয়াকে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবে দেখা হচ্ছে।

নিষিদ্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা ভাঙা এবং প্রকাশ্যে দখলের বিষয়ে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কার্যালয় ও আশেপাশে প্রশাসনের কেউ মোতায়েন না থাকলেও পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, তিনি ঘটনার সঙ্গে তাৎক্ষণিকভাবে অবগত নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কারা এতে জড়িত তা তদন্তের পরে বিস্তারিত জানানো হবে।