
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “দেশ কোথায় যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। আওয়ামী লীগের পতনের পর গণপরিষদ, সংবিধান, নানা প্রক্রিয়া—সবই জটিল হয়ে গেছে। এগুলো তখন আন্দোলনের সময় ছিল না, পরে আনা হয়েছে, ফলে এক জটিল অবস্থা সৃষ্টি হয়েছে, যেখান থেকে বের হওয়া কঠিন।”
একটি আলোচনাসভায় তিনি বলেন, “একটি ঐক্যমত কমিশন তৈরি হয়েছে, যা মূলত জটিলতা সৃষ্টি করছে। এখন দেশের জন্য প্রয়োজন একটি কেয়ারটেকার সরকারের প্রভিশন। এতে বর্তমান সরকার ভোট নিতে পারবে কিনা, তা নিয়ে লিগ্যাল মূল্যায়ন করা সম্ভব হবে। কেয়ারটেকার সরকারের অধীনে ভোট গ্রহণের বিষয়টি না থাকলে ভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ হতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, “সংবিধানে ছয় মাসের মধ্যে নির্বাচন করার নির্দেশনা স্পষ্ট। বর্তমান সরকার এই বিষয়টি মানা উচিত ছিল। দেশ যদি সঠিকভাবে পরিচালিত হতো—যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং—তাহলে ২০ বছর ক্ষমতায় থাকা সম্ভব হতো। কিন্তু দেশের অবস্থা যখন পাকিস্তান বা আফগানিস্তানের মতো, তখন ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা উচিত ছিল, যা নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাপ্তি নিশ্চিত করত।”
ব্যারিস্টার শামীম বলেন, “বর্তমানে সৃষ্টি হওয়া জটিলতার কারণে শান্তিপূর্ণ ট্রানজিশন প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় রাজনীতিবিদরা কোনো পথ খুঁজে পাচ্ছে না। সেক্ষেত্রে বিএনপির ওপর দায়িত্ব অনেক বেশি। বিএনপিকে দেশটাকে বাঁচাতে হবে।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।