
নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য এখন স্পষ্ট — নির্বাচন আয়োজন। নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। কমিশন যখন নির্বাচনের শিডিউল ঘোষণা করবে, তখন সরকারের কাজ হবে শুধুমাত্র নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। এর বাইরে আমাদের কোনো কাজ নেই।”
সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদীবন্দরের তিনতলা বিশিষ্ট টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. এম সাখাওয়াত হোসেন আরও বলেন, “একসময় পদ্মায় প্রচুর ইলিশ ধরা পড়ত, এখন তা নামতে নামতে চাঁদপুর হয়ে ভোলায় আসে। বর্তমানে ভোলার ইলিশই সবচেয়ে বেশি পাওয়া যায়। যদি আমরা এই প্রক্রিয়াকে সমান্তরালভাবে এগিয়ে নিতে পারি, তাহলে হাজার হাজার জেলে আরও সচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে পারবে। আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা, এবং সেটাই আমরা করে যাচ্ছি।”
উপদেষ্টা জানান, “ঢাকার সঙ্গে চরফ্যাশনের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌপথ। এখানকার মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এমন একটি আধুনিক টার্মিনাল আমি দেশের অন্য কোথাও দেখিনি। এটি স্থানীয় জনগণের, তাই এটাকে সুন্দর রাখার দায়িত্বও তাদের। দেশের ঐতিহ্য রক্ষার্থে শতবর্ষী প্যাডেল স্টিমার পুনরায় চালু করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে, এই স্টিমার ঢাকা-বরিশাল নৌপথে চলবে। তবে সপ্তাহে এক দিন সেবা চলবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসানসহ বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ সদস্য এবং স্থানীয় সুধীজন।
এদিন বিকেল ৪টার দিকে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছীর খাল লঞ্চঘাটে নবনির্মিত পল্টুনের উদ্বোধনও করেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।