
গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ও ৪৯ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা বিভাগীয় উপকমিটির স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ তুলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা শাখার সভাপতি মো. আল আমিন সরদার। এর আগে রোববার জেলা কমিটির ৪৯ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় কমিটিকে ইমেইলের মাধ্যমে চিঠি পাঠান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত ৬৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। পদত্যাগকারীরা অভিযোগ করেছেন, নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় দলীয় মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের ত্যাগের মূল্যায়ন হয়নি। বরং ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে, যা গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।
পদত্যাগকারীরা জানান, তারা সবসময় দলের প্রতি অনুগত থেকেছেন, কিন্তু যেখানে আস্থা ও ন্যায্যতা নেই, সেখানে দায়িত্ব পালন সম্ভব নয়। তাই সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তারা গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে অটল বিশ্বাসী।
সদ্য পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার বলেন, “নতুন কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের পদ দেওয়ার ফলে মূল নেতাকর্মীরা অবমূল্যায়িত হয়েছেন। এতে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির কারণে আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। রোববার আমরা কেন্দ্রীয় কমিটিতে আমাদের পদত্যাগপত্র পাঠিয়েছি।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।