আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি নতুন করিডোর নির্মাণের প্রস্তাব ঘিরে দক্ষিণ ককেশাস অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবেশী ইরান কড়া আপত্তি জানিয়ে প্রয়োজনে করিডোরটিকে ‘কবরস্থানে’ পরিণত করার হুমকি দিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আকবর ভেলায়েতি সতর্ক করে বলেছেন, তারা এই করিডোর নির্মাণের অনুমতি দেবে না। ট্রাম্পের পরিকল্পনাটিকে তিনি “ভাড়াটে যোদ্ধাদের কবরস্থান” আখ্যা দিয়ে এর বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন।

‘ট্রাম্প করিডোর’ নামে পরিচিত এই প্রস্তাবিত রুট আর্মেনিয়ার দক্ষিণাঞ্চলীয় সিউনিক প্রদেশের মধ্য দিয়ে আজারবাইজানের মূল ভূখণ্ডকে নাখচিভান ছিটমহলের সঙ্গে যুক্ত করবে। সেখান থেকে পথটি তুরস্ক পর্যন্ত বিস্তৃত হবে। এর ফলে আজারবাইজান শুধু তার বিচ্ছিন্ন অংশের সঙ্গেই নয়, বরং তুরস্কের সঙ্গেও নিরবচ্ছিন্ন স্থল যোগাযোগ স্থাপন করতে পারবে। এই করিডোরে পণ্য পরিবহন ছাড়াও তেল-গ্যাস পাইপলাইন এবং ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে।

উভয় দেশই প্রথমদিকে প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে, কারণ এটি দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে আঞ্চলিক স্থিতিশীলতায় সহায়ক হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ইরান মনে করছে, এই করিডোর তার জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। তেহরানের আশঙ্কা, এটি বাস্তবায়িত হলে ককেশাস অঞ্চলে তুরস্ক ও আজারবাইজানের প্রভাব বৃদ্ধি পাবে এবং আর্মেনিয়ার সঙ্গে ইরানের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ ও বাণিজ্যিক সম্পর্ক দুর্বল হয়ে পড়বে।