ইরান ইস্যুতে ‘আল্টিমেটামের ভাষা’ পরিহার করে যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার (৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই ল্যাভরভের এ প্রতিক্রিয়া আসে। রোববার এক পোস্টে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় না খুললে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো অবকাঠামোতে হামলা চালানো হতে পারে।

মস্কোর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে বিভিন্ন দেশের উদ্যোগ সফল হবে বলে রাশিয়া আশা করছে। তবে এ প্রক্রিয়া সহজ হবে যদি যুক্তরাষ্ট্র আল্টিমেটামের ভাষা পরিহার করে পরিস্থিতিকে পুনরায় আলোচনার পথে ফিরিয়ে আনে।

ল্যাভরভ ও আরাঘচি উভয়েই ওয়াশিংটনকে বেসামরিক অবকাঠামোর ওপর ‘অবৈধ হামলা’ বন্ধ করার আহ্বান জানান। এর মধ্যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কথাও উল্লেখ করা হয়, যেখানে রুশ কর্মীরা প্রযুক্তিগত কাজে নিয়োজিত রয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার ওই স্থাপনার কাছাকাছি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর মস্কো সেখানে কর্মরত ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।