
চিকিৎসকদের দুর্বোধ্য হাতের লেখা নিয়ে বিশ্বজুড়েই নানা রকম রসিকতা প্রচলিত। প্রায়ই বলা হয়—ডাক্তার ছাড়া আর কেউ সেই লেখা বুঝতে পারে না। কিন্তু এবার বিষয়টিকে গুরুতরভাবে নিয়ে চিকিৎসকদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে ভারতের আদালত।
সম্প্রতি একটি মামলার শুনানিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট মন্তব্য করে, “স্পষ্ট চিকিৎসকের প্রেসক্রিপশন একটি মৌলিক অধিকার।” আদালতের মতে, জীবন-মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে পরিষ্কারভাবে লেখা প্রেসক্রিপশন বড় ধরনের পার্থক্য তৈরি করতে পারে।
যদিও মামলাটির সঙ্গে সরাসরি প্রেসক্রিপশনের সম্পর্ক ছিল না, তবুও শুনানির সময় বিষয়টি সামনে আসে। ধর্ষণ, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া এক মামলার জামিন শুনছিলেন বিচারপতি জসগুরপ্রীত সিং পুরি। শুনানির সময় তিনি ওই নারীর ডাক্তারি-আইনি প্রতিবেদনটি দেখেন, যা একজন সরকারি চিকিৎসক তৈরি করেছিলেন। কিন্তু প্রতিবেদনটি এতটাই অস্পষ্ট ছিল যে একটি শব্দও বোঝা যাচ্ছিল না।
নিজের আদেশে বিচারপতি পুরি লিখেছেন, “এটি আদালতের বিবেককে নাড়া দিয়েছে, কারণ পুরো প্রতিবেদনটিই ছিল দুর্বোধ্য।”
খবরে আরও জানানো হয়েছে, বিচারপতির রায়ের সঙ্গে চিকিৎসকের সেই দুর্বোধ্য হাতের লেখায় লেখা দুই পৃষ্ঠার প্রেসক্রিপশনের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।