পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের নতুন কারাগারে স্থানান্তরের পরিকল্পনা করছে দেশটির সরকার। আগামী দুই মাসের মধ্যেই এ পরিকল্পনা বাস্তবায়নের আশা করা হচ্ছে। ইসলামাবাদ পুলিশের পাসিং আউট অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান, নতুন কারাগার নির্মাণ শেষ হলেই তাকে সেখানে নেওয়া হবে।
মন্ত্রী বলেন, ইসলামাবাদের এই কারাগারে পূর্ণাঙ্গ চিকিৎসা সুবিধা থাকবে। যেহেতু ইসলামাবাদের একটি আদালত ইমরান খানকে সাজা দিয়েছে, তাই তাকে ওই কারাগারে স্থানান্তর করা হবে। তিনি ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে আদিয়ালা কারাগারে আটক আছেন।
এদিকে ফেডারেল সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, ইমরান খানকে নতুন করে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের কাছে নেওয়া হবে এবং তার ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হবে।
সুপ্রিম কোর্টের অ্যামিকাস কিউরি হিসেবে আইনজীবী সালমান সফদার আদিয়ালা কারাগারে গিয়ে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করে আদালতে সাত পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চিকিৎসা নেওয়া সত্ত্বেও তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি রয়েছে।
পিটিআই অভিযোগ করেছে, জাতীয় ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছিল। অন্যদিকে তার উন্নত চিকিৎসার দাবিতে তেহরিকে তাহফুজ আয়িনি পাকিস্তানের নেতারা অবস্থান ধর্মঘট শুরু করেছেন। তারা শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তর না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে বিভিন্ন স্থানে বিক্ষোভ চলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।