
ফিলিস্তিনের গাজায় রক্তক্ষয়ী দুই বছর: ইসরাইলি হামলায় নিহত ৬৭ হাজারের বেশি
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের দুই বছর পূর্ণ হলো আজ। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই নৃশংস হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের অভাব ও যুদ্ধের ক্ষয়ক্ষতির কারণে ভয়াবহ দুর্ভিক্ষে ভুগছে স্থানীয়রা।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আকস্মিক হামলার জবাবে ইসরাইল শুরু করে গাজায় ব্যাপক সামরিক অভিযান। ‘হামাস নির্মূলের অভিযান’ নাম দিয়ে দুই বছর ধরে দখলদার বাহিনী চালিয়ে যাচ্ছে হত্যাযজ্ঞ। পুরো গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত।
চাথাম হাউসের রাজনৈতিক বিশ্লেষক সানাম ভাকিল বলেন,
“দুই বছর ধরে গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল। যদিও তারা কী অর্জন করেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ইরান-সমর্থিত প্রতিরোধ শক্তির সক্ষমতা কিছুটা দুর্বল হয়েছে। একইসঙ্গে, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেল আবিব।”
মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ করে আসছে। গত ১৬ সেপ্টেম্বর জাতিসংঘ প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়— “ইসরাইল গাজায় জাতিগত নিধন (Genocide) চালাচ্ছে।”
সানাম ভাকিল আরও বলেন,
“গাজায় ইসরাইলের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পৌঁছেছে। ফিলিস্তিনিদের ওপর এমন নিষ্ঠুর জীবনযাত্রা চাপিয়ে দেওয়া হয়েছে যা তাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে।”
এদিকে, সোমবার (৬ অক্টোবর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। আলোচনায় উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা এবং সামগ্রিক মধ্যপ্রাচ্যের অস্থিরতা। ক্রেমলিন জানায়, পুতিন আন্তর্জাতিক আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের পক্ষে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
এর আগে, প্রায় এক সপ্তাহের ব্যবধানে গত ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে রুদ্ধদ্বার বৈঠক শেষে নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প উপস্থাপন করেন ২০ দফা শান্তি প্রস্তাব। গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং হামাসের অংশগ্রহণে আলোচনার পথ তৈরির আহ্বান জানানো হয় প্রস্তাবে। ট্রাম্পের এই পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। রুশ প্রেসিডেন্টও এই প্রচেষ্টার প্রশংসা করেছেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।