ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ৮ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) বুধবার (১৬ সেপ্টেম্বর) জানায়, ‘এমভি জুন অ্যাস্টার’ নামের জাহাজটিতে মোট ১২৮ জন ছিলেন। শুরুতে যাত্রী তালিকায় ১৩২ জনের নাম থাকলেও পরবর্তী যাচাইয়ে দেখা যায়, তাদের মধ্যে চারজন জাহাজে ওঠেননি।
পিসিজির মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানান, দুর্ঘটনার পর ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পিসিজি আরও জানিয়েছে, জাহাজের টিকিট ও যাত্রী তালিকায় থাকা প্রত্যেক ব্যক্তির তথ্য যাচাই ও মিলিয়ে দেখার কাজ এখনও চলছে।
‘এমভি জুন অ্যাস্টার’ গত বুধবার (৯ সেপ্টেম্বর) ম্যানিলা থেকে যাত্রা শুরু করে। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোনের কাছে সমুদ্রসীমায় জাহাজটিতে আগুন লাগে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।