শায়খ আহমাদুল্লাহ। ছবি সংগৃহীত

ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারির পর আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ার ভিসাও বাতিল করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে গত ৩০ মার্চ তিনি অস্ট্রেলিয়া সফরে যান। সফরের উদ্দেশ্য ছিল কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়া ও বক্তব্য দেওয়া।

তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পূর্বনির্ধারিত চারটি অনুষ্ঠানে অংশ নেওয়ার আগেই তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেছেন। যদিও আহমাদুল্লাহ একটি গণমাধ্যমকে জানান, গত সপ্তাহে তিনি অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং পরে জরুরি কাজে দেশে ফিরে আসেন।

তিনি বলেন, ৬ এপ্রিল সোমবার সকালে ইমেইলের মাধ্যমে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়টি জানতে পারেন। এর কয়েকদিন আগে এপ্রিলের শুরুতে বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারির ভিসাও বাতিল করে অস্ট্রেলিয়া।

ভিসা বাতিলের কারণ জানতে চাইলে আহমাদুল্লাহ জানান, আইনজীবীর মাধ্যমে তিনি ভিসার আবেদন করেছিলেন। ওই আইনজীবীর কাছে ভিসা বাতিল সংক্রান্ত ইমেইল আসে এবং তিনি সেটি ফরওয়ার্ড করেন। তবে চিঠিতে ভিসা বাতিলের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ ছিল না বলে দাবি করেন তিনি।

এদিকে সিডনিভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়া সফর ও ভিসা বাতিল নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে তাকে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া ইসলামি প্রচারক হিসেবে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, তার আগের কিছু ভিডিও বক্তব্য সামনে আসার পর বিতর্ক তৈরি হয়। ওই বক্তব্যে তিনি ইহুদিদের বিশ্বব্যাপী অস্থিরতার নেপথ্যের কারিগর বলে মন্তব্য করেন এবং তাদের নিকৃষ্ট বলেও অভিহিত করেন।

প্রতিবেদন অনুযায়ী, ভিসা জটিলতা ও বিতর্কের মুখে পূর্বনির্ধারিত কয়েকটি অনুষ্ঠানে অংশ না নিয়েই তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন।