মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা কমার আগেই নতুন করে নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান সম্মতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটিতে হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে এই অতর্কিত আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২।
ইসরাইলের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছিল। আত্মরক্ষার প্রয়োজনেই এবং ওই হামলায় ব্যবহৃত স্থাপনাগুলো ধ্বংস করতে এই পাল্টা আঘাত হানা হয়েছে। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে সাময়িক শান্তির আশা তৈরি হয়েছিল, তা আবারও অনিশ্চয়তায় পড়েছে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যস্থতায় ট্রাম্প ইরানের ওপর বড় ধরনের হামলা স্থগিত করার ঘোষণা দেন। ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবেও গ্রহণ করেছিলেন তিনি। আগামী শুক্রবার ইসলামাবাদে দুই সপ্তাহব্যাপী শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
তবে আলোচনায় বসার আগেই ইসরাইলের এই সরাসরি হামলা পুরো পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলেছে। এখন নজর ইসলামাবাদের বৈঠকের দিকে—এই ঘটনার প্রভাব কী হয় এবং ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সংযত করতে পারে কি না, সেটিই দেখার বিষয়।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।