আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ২৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে অ্যাপল। মার্কিন ভোক্তাদের পক্ষ থেকে দায়ের করা একটি মামলা নিষ্পত্তির অংশ হিসেবে এই অর্থ দিতে রাজি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাপলের বিজ্ঞাপনে ‘সিরি’র বিভিন্ন এআই সক্ষমতার কথা তুলে ধরা হলেও এর কিছু ফিচার বাস্তবে চালু ছিল না। ফলে বিজ্ঞাপনের ওপর নির্ভর করে গ্রাহকেরা সংশ্লিষ্ট আইফোন কিনতে প্ররোচিত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

যেভাবে ক্ষতিপূরণের আবেদন

নির্দিষ্ট কয়েকটি আইফোন মডেলের ক্রেতারা এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। গত ২১ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

যোগ্য গ্রাহকেরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ক্ষতিপূরণের দাবি জানাতে পারবেন। একই সময়সীমার মধ্যে চাইলে তারা মামলার নিষ্পত্তি থেকে নিজেদের প্রত্যাহারও করতে পারবেন।

কারা ক্ষতিপূরণ পাবেন

২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে বিক্রি হওয়া আইফোন ১৬ সিরিজ, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স কিনেছেন এমন গ্রাহকেরা এই নিষ্পত্তির আওতায় পড়বেন।

তবে ক্ষতিপূরণ পাওয়ার জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে। সংশ্লিষ্ট আইফোনের মূল বা প্রথম মালিক হতে হবে এবং ডিভাইসটি ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা হতে হবে।

যোগ্য গ্রাহকেরা প্রতি ডিভাইসের জন্য সর্বনিম্ন ২৫ থেকে সর্বোচ্চ ৯৫ মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে চূড়ান্তভাবে প্রত্যেকে কত টাকা পাবেন, তা নির্ভর করবে কতজন যোগ্য গ্রাহক ক্ষতিপূরণের জন্য আবেদন করেন তার ওপর।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স ফাইভ নিউইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিপূরণের আবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে আদালতে শুনানি হবে। প্রস্তাবিত নিষ্পত্তিটি ন্যায্য, যুক্তিসংগত ও পর্যাপ্ত কি না, তা আদালতই নির্ধারণ করবেন।

এ বিষয়ে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে।