
চীনে বন্যায় তলিয়ে গেল সাপের খামার, পালিয়েছে ৮০০-৯০০ সাপ; আতঙ্কে এলাকাবাসী
চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝৌ শহরের একটি গ্রামে বন্যার পানিতে একটি সাপের খামার তলিয়ে যাওয়ায় প্রায় ৮০০ থেকে ৯০০টি সাপ পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে বিষধর গোখরাও রয়েছে। এ ঘটনায় অন্তত একজন গ্রামবাসী সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (৮ জুলাই) চীনা সংবাদমাধ্যম সিজিটিএন এ তথ্য জানায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং এলাকাজুড়ে সতর্কতা জারি রয়েছে।
চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, টাইফুন মায়সাকের প্রভাবে গুয়াংজি অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে নাননিংয়ের অধীন হেংঝৌ এলাকার একাধিক জলাধারে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে ইউনবিয়াও টাউনশিপের দেংওয়েই গ্রামের একটি সাপের খামার বন্যার পানিতে তলিয়ে যায় এবং শত শত সাপ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
দেংওয়েই গ্রামের কমিটির প্রধান উ ঝি জানান, ঘটনাটি ঘটে গত ৬ জুলাই সকালে। তিনি বলেন, এখন পর্যন্ত একজন গ্রামবাসী সাপের কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পালিয়ে যাওয়া সব সাপ বিষধর নয় বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, ইউনবিয়াও টাউনশিপের নিচু ও পাহাড়ি উভয় এলাকাতেই সাপের খামার রয়েছে। লিউলান ও ইউনবিয়াও জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। এতে কয়েকটি ছোট খামার থেকে সাপ বেরিয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় সাপচাষি লেই জানান, তার খামারটি উঁচু স্থানে হওয়ায় বন্যার ক্ষতি হয়নি। তিনি বলেন, এ অঞ্চলের খামারগুলোতে মূলত গোখরা, কিং র্যাট স্নেক ও জলসাপ পালন করা হয়। এর মধ্যে কেবল গোখরাই বিষধর। তার ধারণা, নিচু এলাকার ছোট খামারগুলো থেকেই অধিকাংশ সাপ পালিয়ে গেছে।
তবে লেইর মতে, দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকলে অনেক সাপের বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়। তাই পালিয়ে যাওয়া সব সাপ জীবিত থাকবে—এমনটি নিশ্চিত নয়।
হেংঝৌ জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর এক কর্মকর্তা জানান, একটি সাপের খামার ধ্বংস হয়ে যাওয়া এবং কয়েকজন গ্রামবাসী সাপের কামড়ে আহত হওয়ার তথ্য তারা পেয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে।
এদিকে, দেংওয়েই গ্রামের প্রধান উ ঝি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত না হওয়া আশপাশের গ্রামের এক ডজনের বেশি বাসিন্দা স্বেচ্ছায় একটি সাপ ধরার দল গঠন করেছেন। তারা ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাপ উদ্ধার করছেন, যাতে নতুন করে সাপে কাটার ঘটনা এড়ানো যায়।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।