চীনের হুবেই প্রদেশের জিয়াংইয়াং শহরে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণের পর জরুরি উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি এবং তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন।
চীনে চন্দ্র নববর্ষ উদযাপনে আতশবাজি গুরুত্বপূর্ণ অংশ হলেও এর ব্যবহার প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। চলতি সপ্তাহেই এটিই দ্বিতীয় বড় ধরনের বিস্ফোরণ।
গত রবিবার পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে আটজন নিহত এবং দুজন আহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, এক বাসিন্দা দোকানের কাছে আতশবাজি ফাটানোর সময় ওই দুর্ঘটনা ঘটে।
এদিকে, মঙ্গলবার চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করেছে, বসন্ত উৎসবের সময় আতশবাজি এখনো সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।