কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্রুতই মানুষের জীবনের প্রায় সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। বিজ্ঞান, চিকিৎসা, গবেষণা থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজেও বাড়ছে এর ব্যবহার। এরই মধ্যে এআইয়ের ভবিষ্যৎ নিয়ে একাধিক পূর্বাভাস দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।
মাস্কের মতে, আগামী এক থেকে দুই বছরের মধ্যেই এআইয়ের সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তার দাবি, ২০২৭ সালের শেষ নাগাদ অথবা সর্বোচ্চ ২০২৮ সালের মধ্যে এআই বিভিন্ন ক্ষেত্রে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
শুনতে বৈজ্ঞানিক কল্পকাহিনির মতো মনে হলেও গত কয়েক বছর ধরে বিভিন্ন সাক্ষাৎকার ও অনুষ্ঠানে এ ধরনের ভবিষ্যতের কথা বলে আসছেন মাস্ক। তার ধারণা, এআই মানুষের প্রায় সব ধরনের ডিজিটাল কাজ করতে সক্ষম হবে। কোডিংয়ের মতো ক্ষেত্রেও মানুষের পক্ষে এআইয়ের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হয়ে পড়তে পারে। এমনকি হিউম্যানয়েড রোবট একসময় বিশ্বের সেরা সার্জনের দক্ষতাকেও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করেন তিনি।
এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা মাস্কের। তার মতে, ভবিষ্যতে কাজ মানুষের জন্য ঐচ্ছিক হয়ে উঠতে পারে এবং দেখা দিতে পারে ‘ইউনিভার্সাল হাই ইনকাম’। এমনকি একসময় অর্থের গুরুত্বও কমে যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
এআই নিয়ে ভবিষ্যতের এমন ধারণা অবশ্য নতুন নয়। ২০২১ সালে এআই গবেষক ফ্রাঁসোয়া শোলে ভবিষ্যৎ নিয়ে একটি দীর্ঘ পোস্টে বলেছিলেন, পরবর্তী ১০ থেকে ২০ বছরের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এমনকি প্রত্নতত্ত্বের মতো বিভিন্ন ক্ষেত্রও কম্পিউটার প্রযুক্তির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়ে পড়বে।
প্রায় পাঁচ বছর পর সম্প্রতি শোলের সেই পুরোনো পোস্ট আবার সামনে আসে। তিনি ইঙ্গিত দেন, সে সময় যে পূর্বাভাস নিয়ে অনেকের আপত্তি ছিল, সেটিই এখন ধীরে ধীরে বাস্তবতার সঙ্গে মিলে যাচ্ছে। ওই পোস্টে মন্তব্য করে ইলন মাস্ক শোলের সময়সীমাকে ‘রক্ষণশীল’ বলে উল্লেখ করেন। তার মতে, ২০২৭ সালের শেষ নাগাদ কিংবা ২০২৮ সালের মধ্যে এআই বিভিন্ন ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
মাস্কের ধারণা, বিজ্ঞান ও গবেষণার প্রায় প্রতিটি শাখায় এআই ভবিষ্যতে মানুষের গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠবে। বর্তমান সময়েও গবেষণার বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়ছে এবং এর মাধ্যমে অনেক কাজ আগের তুলনায় সহজ হচ্ছে।
এআই নিয়ে ইলন মাস্কের এমন পূর্বাভাস অবশ্য এবারই প্রথম নয়। ২০১৭ সালে তিনি ধারণা দিয়েছিলেন, ২০৩০ থেকে ২০৪০ সালের মধ্যে এআই মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। ২০২৪ সালে তিনি সেই সময়সীমা আরও এগিয়ে এনে ২০২৫ সালের শেষ নাগাদ এআইয়ের সক্ষমতা মানুষের চেয়ে বেশি হতে পারে বলে ইঙ্গিত দেন। পরে ২০২৬ সালের জানুয়ারিতে তিনি জানান, ২০২৬ সালের শেষ নাগাদ অথবা সর্বোচ্চ ২০২৭ সালের মধ্যে এআই যেকোনো মানুষের চেয়ে বেশি সক্ষম হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।