হাজারীবাগের ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে একটি ভাড়া বাসা থেকে সাইদুল আমিন সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাবির রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে হাজারীবাগের মনেশ্বর রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলার ভাড়া কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সীমান্তের রুমমেট দরজা খুলতে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বাসার মালিক ও আশপাশের লোকজনের সহায়তায় দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে রাত ১টা ২৫ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মৃতের রুমমেট ও চাচা রুহুল আমিন জানান, সীমান্ত নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের সদরুল আমিনের ছেলে। পড়াশোনার কারণে তিনি হাজারীবাগের ওই বাসায় ভাড়া থাকতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কিছু পান করার কারণে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

মৃতের চাচা রুহুল আমিন বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে সীমান্তের মরদেহ দেখেছেন, তবে কীভাবে এবং কেন এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।