যারা গণভোট মানবে না, তারা মুনাফেক : শিশির মনির

শিশির মনির: গণভোট অমান্যকারী মুনাফেক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, অথচ বিএনপি ৫১ শতাংশ সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। তিনি বলেন, যদি বিএনপি এই জনমতকে তাদের ক্ষমতার জোরে বাতিল করতে চায়, তবে তা হবে জাতির সঙ্গে চরম প্রতারণা। যারা গণভোট মানবে না, তারা মুনাফেক।

রোববার (৫ এপ্রিল) বগুড়ায় শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন শহর শিবির সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। অন্য বক্তারা ছিলেন আইনজীবী জোবাইদুর রহমান বাবু, শাকিল আহম্মেদ ও আল-আমিন।

শিশির মনির সরকারের কার্যক্রমের সমালোচনা করে বলেন, নির্বাচনের পর গঠিত সরকার জনগণের স্বপ্ন বাস্তবায়নে সঠিক পথে এগোতে পারছে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ব্যর্থ হলে অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো পরিণতি ভোগ করবে।

গণভোটের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, ১৯৭৭ সালে শহীদ জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি নিয়ে গণভোট করেছিলেন। তাহলে চারটি প্রশ্নের মাধ্যমে এবার গণভোট করাটা সমস্যার হওয়া উচিত নয়। ভোটাররা ৩১ দফা না বুঝেই বিএনপিকে ভোট দিয়েছে, ঠিক তেমনি ৭০ শতাংশ মানুষও প্রশ্ন বুঝেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে।

বক্তব্যের শেষে তিনি সরকারকে সতর্ক করে বলেন, আমরা সংসদ ও রাজপথে প্রতিটি ভালো কাজে সহযোগিতা করতে চাই, কিন্তু গণভোটের রায়কে শ্রদ্ধা না জানালে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। বায়তুল মোকাররম থেকে শুরু হওয়া বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়বে। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক সমস্যা সমাধান না করলে কোনো ভালো কাজই ফলপ্রসূ হবে না এবং জনরায়ের সম্মান না জানালে সরকারকে অভিনন্দন জানানো সম্ভব নয়।