চলতি বছরের ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর প্রাথমিক পরিকল্পনা থেকে সরে আসছে নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বর-ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচন পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের যে প্রাথমিক পরিকল্পনা ছিল, তা থেকে সরে আসার কথা ভাবছে ইসি। নভেম্বর ও ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা থাকায় ভোটকেন্দ্র ব্যবহার এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়গুলোতে জটিলতা তৈরি হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
তফসিল ঘোষণার বিষয়ে ইসি মাছউদ বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই সঙ্গে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করেছে নির্বাচন কমিশন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।