গাজায় ইসরাইলি হামলায় নিহত ১১ | আন্তর্জাতিক | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

রোববার সকালে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, উত্তর গাজার একটি শরণার্থী শিবিরে হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজায় আরেকটি হামলায় প্রাণ গেছে আরও পাঁচ জনের।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ আঘাত হেনেছে। ইসরায়েলের দাবি, তারা নিয়ন্ত্রিত এলাকায় একটি সুড়ঙ্গ থেকে বের হওয়া সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে।

১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল ও হামাস প্রায় প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, রোববারের হামলায় ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আল-শিফা হাসপাতালে এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, বিমান হামলার বাইরে আলাদা গোলাগুলিতে আরও একজন প্রাণ হারিয়েছেন। হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬০০ জন নিহত হয়েছেন।

এই হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রস্তুতি চলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত বোর্ড অব পিসকে ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে তাদের প্রথম বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গাজার পুনর্গঠনে বোর্ডের সদস্যরা ৫০০ কোটি ডলার সহায়তার অঙ্গীকার করেছেন। ট্রাম্প হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন, যদিও হামাস আগে জানিয়েছে যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ করবে না।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরাইলে হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়, যার ফলে প্রায় ১,২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হয়। জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ওই অভিযানে এখন পর্যন্ত ৭১,৮২০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।