নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তার পাশে একটি ব্যাগে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় কামরুন নাহার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় কাইকাটেক সেতুর পাশের রাস্তার খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামরুন নাহার শরীয়তপুরের জাজিরা উপজেলার মাগুরা গ্রামের সাদেক আলীর মেয়ে এবং মোগরাপাড়া চৌরাস্তায় কলাপাতা বার্গার রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা রাস্তার পাশে ব্যাগভর্তি মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধীরা কামরুন নাহারকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে ব্যাগে ভরে এখানে ফেলে গেছে। তিনি আরও বলেন, “মরদেহের অবস্থা দেখে ধারণা করা যাচ্ছে, হত্যাকাণ্ডটি অন্তত তিন দিন আগে ঘটেছে। মরদেহটি হাত-পা বেঁধে পলিথিনে মুড়িয়ে স্কচ টেপ দিয়ে ট্রাভেল ব্যাগে রাখা হয়েছিল। ব্যাগটি নদীতে ফেলার চেষ্টা করা হলেও তা পানিতে না পড়ে ঢালে আটকে যায়।”

হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।