রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় একটি ফ্ল্যাটে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক তরুণীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত তরুণী একজন বারে ডান্স করতেন এবং পার্লারের ব্যবসা পরিচালনা করতেন।

শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ এলাকার ৮৯ নম্বর বাসার দ্বিতীয় তলার বি-২ ফ্ল্যাটের মেঝে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিমপাড়া। বাবার নাম শহীদ আলী।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তদন্তে জানা গেছে, মৃতদেহে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৯টার মধ্যে তাকে জবাই করে এবং উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত তরুণীর সাথে ওই ফ্ল্যাটে আরও একজন থাকতেন, কিন্তু লাশ উদ্ধার সময় সে পাওয়া যায়নি। ঘটনা তদন্ত করা হচ্ছে।”

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া, হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, তা ময়নাতদন্তের মাধ্যমে জানা হবে বলে পুলিশ জানিয়েছে।