‎‎চট্টগ্রামের সীতাকুণ্ডে বহুল আলোচিত আট বছরের শিশু জান্নাতুল নাঈম ওরফে ইরা মনিকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসনালি কেটে হত্যার মামলায় মূল অভিযুক্ত আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী এই আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল তিনটার দিকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় ছিলেন। ‎‎এদিকে, জঘন্য এ হত্যাকান্ডের সাথে জড়িত বাবু শেখকে মৃত্যুদণ্ড দেওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সীতাকুণ্ডের সর্বস্তরের জনসাধারণ। আদালতের রায়ের প্রতি সম্মান রেখে রায়কে দ্রুত কার্যকর করার দাবি জানান শিশু ইরা মনির পরিবার। ‎ঘটনার মাত্র সাড়ে চার মাসের মাথায় রায়টি ঘোষণা করা হয়। মাত্র ১০ কার্যদিবসে ১৬ জন ‎সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন। ‎‎ট্রাইব্যুনাল বিচার শেষে সীতাকুণ্ড থানা পুলিশ কর্তৃক নিরপেক্ষ ও তথ্যবহুল সঠিক পুলিশ রিপোর্ট দ্রুত দাখিল করায় থানা পুলিশের ভুয়সী প্রশংসা করেন। ‎‎উল্লেখ্য, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে এবং ঘুরতে যাওয়ার কথা বলে ইরাকে মনিকে ডেকে নিয়ে যান আসামি। সেখানে ধর্ষণের চেষ্টা করার পর শিশুটি চিৎকার করলে তাকে ছুরি দিয়ে নির্মমভাবে গলা কেটে হত্যা করার চেষ্টা করা হয়। পরে রক্তাক্ত ও গলা কাটা অবস্থায় জঙ্গল থেকে হেঁটে বের হয়ে শ্রমিকদের কাছে আশ্রয় নেয় শিশুটি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।