
নোয়াখালীর সুবর্ণচরে দিনের বেলায় প্রকাশ্যে রাস্তায় সুব্রত দাস (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে চরজব্বর উপজেলার হারিছ চৌধুরী বাজারের পশ্চিমে পলোয়ান বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সুব্রতের স্ত্রী রিক্তা রানী দাস উপজেলার চর হাসান ভূঞারহাটে স্বাস্থ্যসেবা বিভাগে চাকরি করেন। স্ত্রীকে আনতে সুব্রত মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা দেন। ধারণা করা হচ্ছে, পথে হারিছ চৌধুরী বাজারের পশ্চিমে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে গলা কেটে ও মাথায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও পুলিশ বলছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।