নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে চৌমুহনী–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া।

নিহত নারীর নাম হাসিনা আক্তার (৫৫)। তিনি চাটখিল উপজেলার শোশালিয়া গ্রামের মৃত হুমায়ুন কবিরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হাসিনা আক্তার আমিনবাজার থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে জগদীশপুরের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় পৌঁছালে নোয়াখালীগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং হাসিনাসহ চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিনা আক্তারকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘাতক পিকআপ ও চালককে শনাক্তে অভিযান চালাচ্ছে।