পবিত্র রমজান মাসকে সামনে রেখে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় আলেম ও আলোচক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
তিনি জানান, ‘এই রমাদানে ঘরে বসে অনলাইনে কুরআন শেখার একটি দারুণ উদ্যোগ হাতে নিয়েছি আমরা। “সহজ সূত্রে কুরআন শিখি” শিরোনামে ২৭ পর্বের একটি রেকর্ডেড ভিডিও কোর্স আমাদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।’
কোর্সটিতে শিক্ষক হিসেবে থাকবেন মসজিদে নববির প্রাক্তন শিক্ষক উস্তায মোহাম্মদ হুসাইন মাদানী। তিনি মসজিদে নববি থেকে রেওয়াতে হাফস আন আছেম ও তাজবীদের ওপর সনদপ্রাপ্ত।

কোর্সে আরবি বর্ণমালার পরিচয় থেকে শুরু করে শুদ্ধভাবে কুরআন পড়ার প্রয়োজনীয় সব বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি পর্বের শেষে থাকবে বিশেষ অনুশীলন, যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজে নিজেই দৈনিক পাঠ যাচাই করতে পারবেন।
প্রতিদিন তারাবির নামাজের পর একটি করে ভিডিও আপলোড করা হবে। এভাবে ২৭ রমজান পর্যন্ত মোট ২৭টি ভিডিও প্রকাশ করা হবে। প্রতিদিন একটি করে পর্ব আয়ত্ত করলে ২৭ রমজানের মধ্যে শুদ্ধভাবে কুরআন পড়া শেখা সম্ভব হবে—ইনশাআল্লাহ।
ভিডিওগুলো পেতে যাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, তাদের আগেই সাবস্ক্রাইব করে রাখার আহ্বান জানান তিনি।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।