
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি এক তরুণ রাশিয়ার পক্ষে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছে। ভিডিওতে ধ্বংসস্তূপের মাঝে অস্ত্র হাতে দাঁড়ানো এই যুবকের নাম নিরব।
ভিডিওতে নিরবকে দেখা যায় হাতে অস্ত্র ধরে যুদ্ধের পরিস্থিতি ব্যাখ্যা করতে। তিনি রাশিয়ান প্রযুক্তির অস্ত্রের কার্যকারিতা ও শত্রুপক্ষকে বিভ্রান্ত করার কৌশল বর্ণনা করেন। পাশাপাশি তিনি দাবি করেন, যুদ্ধক্ষেত্র থেকে নিয়মিত তাঁর ফ্যান ও ফলোয়ারদের জন্য কথা বলছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কেউ বিস্মিত, কেউ গর্বিত, আবার অনেকে সংশয় প্রকাশ করেছেন। এমন দাবি নতুন নয়, তবে এবার এটি বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
নিরব চট্টগ্রামের বাসিন্দা। তিনি ঢাকার কবি নজরুল সরকারি কলেজে পড়াশোনা করেছেন এবং মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৮ সালের ব্যাচের ছাত্র ছিলেন।
সাম্প্রতিক সময়ে রাশিয়ার পক্ষে যুদ্ধরত বিদেশি যোদ্ধাদের খবর বারবার উঠে আসছে। অভিযোগ আছে, সৈন্য সংকটে পড়া রাশিয়া এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তরুণদের উচ্চ বেতন, নাগরিকত্ব ও ইউরোপে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লোভ দেখাচ্ছে। অনেক যুবক চাকরির খোঁজে গিয়ে পরে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছে।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিডিওর সত্যতা এখনও যাচাই করা হয়নি। আরটিভি ভিডিওটির সময় বা উৎস নিশ্চিত করেনি। কোনো সরকারি সংস্থা আনুষ্ঠানিকভাবে বলেনি যে নিরব সত্যিই রাশিয়ার পক্ষে লড়ছেন। তবুও তার নাম সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছে এবং হাজারো মন্তব্যে তা আলোচিত হচ্ছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।