
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নিয়ে দণ্ডিত হওয়া অবশিষ্ট ২৫ জন বাংলাদেশি নাগরিককে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
রোববার (১১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। এই ক্ষমার ফলে আন্দোলনসংক্রান্ত ঘটনায় আমিরাতে দণ্ডপ্রাপ্ত সব বাংলাদেশি বন্দি মুক্তি পেলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আবেদনের পর মানবিক বিবেচনায় ইউএই প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আমিরাতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে দেশটির আইন লঙ্ঘনের অভিযোগে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করে বিচার করা হয়েছিল।
এ বিষয়ে জানানো হয়, অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে দণ্ডিত বাংলাদেশিদের ক্ষমা প্রদানের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল।
ইউএই দূতাবাস আরও জানায়, ক্ষমাপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও প্রমাণ।
উল্লেখ্য, এর আগেও আমিরাতে বিরল এক প্রতিবাদে অংশ নেওয়ার দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।