চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, বৃহস্পতিবার রাতে পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া সাহাবউদ্দিন আরিফ চেয়ারম্যান বাড়ি এলাকার পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পশ্চিম গুজরা ইউনিয়নের বাসিন্দা মো. পারভেজ ও মোহাম্মদ সাকিব। দুজনের বয়স আনুমানিক ২৭ বছর।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানান, পুলিশের কাছে খবর আসে ওই এলাকায় কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই যুবক পালানোর চেষ্টা করে। তখন তাদের ধরা হলে পারভেজের কাছ থেকে আমেরিকান ৭.৬৫ বোরের পিস্তল এবং সাকিবের কাছ থেকে গুলি ভর্তি ম্যাগাজিন জব্দ করা হয়।

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।