তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেশির প্রদেশে রোববার সন্ধ্যায় ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত একজন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিনদিরগি শহর। সেখানে ৮১ বছর বয়সী এক নারী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান। এ ঘটনায় ১৬টি ভবন ধসে পড়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধান করছেন। এক বিবৃতিতে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “খোদা, আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।”

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হন। একই ঘটনায় সিরিয়ায় প্রাণ হারান প্রায় ৫ হাজার মানুষ। দুই বছর পেরিয়ে গেলেও বহু মানুষ এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।